
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় রাজমিস্ত্রি জহির আহমদ হত্যা মামলায় পরিকল্পিতভাবে দুই যুবককে ফাঁসানোর অভিযোগ করেছেন ভূক্তভোগীদের পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ভূক্তভোগী পরিবারের পক্ষে উপজেলা সদর বটতলি স্টেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন আসামি রিয়াদ হোসেনের ছোট ভাই আখতারুজ্জামান। তিনি বলেন, গত ১৩ জুলাই সকালে পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গেলে রাজমিস্ত্রি জহির আহমদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে ১৭ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সময় জুবাইরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ও রিয়াদ হোসেন ছিলেন ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে লামা উপজেলার কেয়াজুপাড়া এলাকায়। অথচ ষড়যন্ত্র করে তাদেরকে মামলায় আসামি করা হয়েছে। নিহতের স্ত্রী ছেনু আরা বেগম কিংবা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কেউই জুবাইরুল ও রিয়াদের নাম বলেননি। তবুও তাদের আসামি করা হয়েছে, যা অন্যায়। সুষ্ঠু তদন্ত পূর্বক হত্যাকান্ডের ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় রিয়াদের বাবা ওসমান গনি, জোবাইরের চাচা মো. ইলিয়াছ, চাচাতো ভাই মো. কাইছার এবং প্রতিবেশী রমজান আলী উপস্থিত ছিলেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আলম জানান, রাজমিস্ত্রি জহির হত্যায় সরাসরি জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন বিদেশ চলে গেছে। মামলায় বাকি দুই আসামির ব্যাপারে ব্যাপক তদন্ত চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner