
নিউজ ডেক্স : কোরবানির গরু বিক্রি করে টাকা মালিককে দিতে যাওয়ায় সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সেই টাকা হারিয়েছেন এক ব্যক্তি। অজ্ঞান পার্টির সদস্যরা তার টাকা হাতিয়ে নিয়ে তারপর তাকে ফেলে দেয় রাস্তার পাশে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ আজিম (৩৫)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি আনোয়ারার বারখাইন ইউনিয়নের ঝিবাশি স্কুল এলাকায়।

আজ বুধবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সাদ মুসা শিল্প পার্কের সামনে আজিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আজিমের বাবা নুর হোসেন জানান, পাশের শিলাইগড়া গ্রামের মো. ওসমানের কাছ থেকে একটি গরু বর্গা নিয়ে লালন-পালন করে আজিম। মঙলবার রাতে ১ লাখ ৭৫ হাজার টাকায় গরুটি বিক্রি হয়। বুধবার সকালে সেই টাকা মালিককে বুঝিয়ে দিতে শিলাইগড়া যাওয়ার কথা ছিল।
আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইন জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তিনি সুস্থ হলে এ ব্যাপারে জানা যাবে। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner