
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সৌদি প্রবাসী আকতার হোসেন (৩৭) ও তাঁর পরিবারের সদস্যদের গুম-খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর ভোগদখলে থাকা জায়গায় গিয়ে সীমানা চিহ্নিত খুঁটি উপড়ে ফেলার চেষ্টারও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) আকতার হোসেন বাদী হয়ে আব্দুস শুকুর (৪৪) ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে আব্দুস শুকুরসহ কয়েকজন আকতার হোসেনের ভোগদখলে থাকা জায়গায় প্রবেশ করেন। এ সময় তারা সীমানা চিহ্নিত খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন আকতার। এতে বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় এবং মারধরের জন্য তেড়ে আসার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা আকতার হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের গুম-খুনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আব্দুস শুকুর বলেন, তিনি ওই জায়গা নিয়ে আদালতে মামলা করেছিলেন। আদালতে হাজির হতে না পারায় মামলাটি খারিজ হয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হুমকির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner