
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নাথ পাড়ায় এ ঘটনায় ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য বিমল নাথ, রাজিব নাথ ও দুলাল কান্তি নাথ। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

ক্ষতিগ্রস্ত রাজিব নাথ জানান, বিমল নাথে বসতঘরে পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন টিনসেট বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সাধ্যমতো সহযোগিতা করা হবে। এছাড়া বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয় দমকল বাহিনী। কিন্তু মাঝপথে পৌঁছলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি ফোনে জানান। ফলে দমকল বাহিনীকে ঘটনাস্থলে যেতে হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner