Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লোহাগাড়ায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রি জহির আহমদ (৪৫) খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেহের আলী, খোরশেদুল আলম, নিহত রাজমিস্ত্রির বড় ভাই আবুল কাসেম, আজিজ সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওমর আলী, আইয়ুব সিকদার, আজিজ সিকদার ও মোহাম্মদ ইসমাইলসহ এলাকার শতাধিক নারী-পুরুষ।

জানা যায়, গত ১৩ জুলাই সকালে রাজমিস্ত্রি জহির আহমদ স্থানীয় নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিনের কাছ থেকে বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে যান। এ সময় নাজিম উদ্দিনের সাথে টাকার বিষয় নিয়ে রাজমিস্ত্রি জহির তর্কে জড়িয়ে পড়েন। পরে রাজমিস্ত্রি জহির নিজ বাড়িতে চলে আসার পথে নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। গত ১৬ জুলাই দিনগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জহির আহমদ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান নয়া পাড়ার মৃত আলী আহমদের পুত্র ও ৫ সন্তানের জনক। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার ১২ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। খুনিদের বাঁচাতে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা কলকাঠি নাড়াচ্ছেন বলে জানান এলাকাবাসী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রাজমিস্ত্রি জহির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!