
নিউজ ডেক্স : চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনের আগে ৫১৭জন সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ২ হাজারের মতো নতুন জনবল নিয়োগ দিতে চায় নির্বাচন কমিশন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, ‘কোন প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেওয়া হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যাবে।’

মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে। পত্রিকায় খবর দেখছি, জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন। নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।’
‘বুধবার আমার সভাপতিত্বে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে।’
তিনি আরো বলেন, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৫ জনের মধ্যে কোনো যুগ্ম-সচিব নেই। এর মধ্যে ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ২৯ জন উপ-সচিব এবং ৩৭ জন সিনিয়র সহকারি সচিব রয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল বলেও জানান এ নির্বাচন কমিশনার।
Lohagaranews24 Your Trusted News Partner