
নিউজ ডেক্স: সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও অকৃষি জমির অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনটি এক্সেভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল এবং এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খন্দকার মাহমুদুল হাসান শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার কালিয়াইশ, ঢেমশা ও ছদাহা ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সেভেটর, ডাম্পট্রাক বিকল ও জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকানের অদূরে জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমিতে মাটি কাটার সাথে সংশ্লিষ্ট দুটি এক্সেভেটর, ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় একই অভিযোগে একটি এক্সেভেটর ও তিনটি ডাম্পট্রাক বিকল করে দেওয়া হয়।
অপরদিকে উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটায় মো.সোহেল (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, প্রশাসনের উপস্থিতি টের অসাধু মাটি ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। সাতকানিয়ার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner