
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার ইস্পাহানি মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই বাসের একটি ছিল পিকনিকের বাস অপরটি শহর এলাকার যাত্রীবাহি বাস। এতে শহর এলাকার ৭ নম্বর রুটের বাসের চালক ও একজন নারী যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লার নটরাজ নৃত্যাঙ্গনের শিক্ষার্থীদের বহনকারী পিকনিক বাসটি ফয়েস লেকে পিকনিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রাম-কুমিরা ৭ নম্বর রুটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, এ সময় শহর এলাকার বাসটির চালক ও একজন নারী যাত্রী আহত হন। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পিকনিকের বাসটির শিক্ষার্থীদের কেউ আহত হননি। তবে দুইটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস দুইটি থানায় নিয়ে আসা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner