ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

নিউজ ডেক্স: সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মার্দাশা ইউনিয়নের একটি বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার একটি বিশেষ দল ৭ নম্বর মার্দাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমণি বাগানে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল ডেইল পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. রাশেদ, রাউজান উপজেলার রহমত পাড়ার বাসিন্দা মুহাম্মদ মজনুর ছেলে মো. আকিব এবং রাউজান উপজেলার আলিখীল এলাকার বাসিন্দা আয়ুব আলীর ছেলে মো. রবিন।

অভিযানকালে গ্রেপ্তারকৃত মো. রাশেদ, মো. আকিব ও মো. রবিনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিশেষ এই অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মো. রাশেদ, মো. আকিব ও মো. রবিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!