
নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের পাইলিংয়ে ব্যবহৃত রিগ মেশিনের ছিটকে পড়া সিঁড়ির নিচে চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হলে তাদের পৌরশহরের প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রেরণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিসমত পাড়া সিদ্দিক আহমদের পুত্র আবদু শুক্কুর(৫৫) ও মৃত কালা মিয়ার পুত্র সোলতান আহমদ(৪৫)। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী পাইলিংয়ের রিগ মেশিনের সিঁড়ি ছিটকে পড়ে স্থানীয় দুই ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।” -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner