
নিউজ ডেক্স : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাস কব্জায় নিয়ে ৩ ঘণ্টা ধরে ডাকাতি ও নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মূল হোতা রাজা মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করেন।
রাজা কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি টাঙ্গাইল-ঢাকা সড়কে ঝটিকা বাসের চালক।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হয়। রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪/২৫ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছালে সেখান থেকে একদল ডাকাত যাত্রীবেসে ওই বাসে উঠে পড়েন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল বাসটি কব্জায় নেয়। এরপর বাসে থাকা সব যাত্রীর হাত, পা ও চোখ বেঁধে মারধর ও লুটপাট করা হয়। এ সময় বাসের ভেতরেই এক নারী যাত্রীকে ডাকাতদল ধর্ষণ করে। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর স্তূপের পাশে কাত করে ফেলে পালিয়ে যায়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner