
নিউজ ডেক্স : সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ ব্রাক্ষ্মনডেঙ্গা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কন্যা শিশুটির পরনে একটি হাফ প্যান্ট রয়েছে। তার বয়স আনুমানিক ৭ বছর।
চরতি ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রেজাউল করিম জানান, সাঙ্গু নদীর চরতি দক্ষিণ ব্রাক্ষ্মণডেঙ্গা এলাকায় স্থানীয় কিছু লোক মাছ ধরার জন্য নদীতে জাঁক (গাছের ডালপালা ও বাঁশ ঝাড়) দেয়। শুক্রবার দুপুরের দিকে এলাকার লোকজন ওই জাঁকের সাথে একটি শিশুর ভাসমান লাশ আটকে থাকতে দেখে। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে অজ্ঞাতনামা শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার এসআই মো. আহসান হাবীব জানান, স্থানীয় লোকজন মাছ ধরার জন্য নদীতে জাঁক বসায়। ওই জাঁকের সাথে শিশুটির ভাসমান লাশ আটকে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তিনি জানান, শিশুটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন নাই। তবে লাশের পচন ধরতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে শিশুর লাশটি উজান থেকে ভেসে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner