ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাদ্রাসার ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সেনেরহাট এলাকায় এক কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহৃত মাদরাসা ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারী হলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের গারাঙ্গিয়া রঙ্গিপাড়ার মো. সেলিমের পুত্র সাজ্জাদ হোসেন (২০) ও একই এলাকার ওসমান গণির পুত্র সাহেদুল ইসলাম (১৮)।

অপহৃত মাদ্রাসা ছাত্র মুহাম্মদ জিয়াউল ইসলাম সাজ্জাদ (১৪) ফটিকছড়ি উপজেলার মুহাম্মদ জসিম উদ্দিনের পুত্র। তাদের বাসা চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। তার পিতা কক্সবাজার আদালতের আইনজীবী। সেই সুবাধে অপহৃত মাদ্রাসা ছাত্র সেখানকার একটি মাদ্রাসায় পড়ালেখা করে।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের মুরাদপুরের বাসায় যাচ্ছিল মাদ্রাসা ছাত্র সাজ্জাদ। সাতকানিয়া এলাকায় পৌঁছলে মাদ্রাসা ছাত্রকে ট্রেনযোগে নিরাপদে চট্টগ্রাম পৌঁছে দিবে বলে বাস থেকে নামিয়ে ফেলে। এরপর তাকে দীর্ঘক্ষণ হাঁটানো হয়। পরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় এক কমিউনিটি সেন্টারে ঢুকিয়ে আটকে রাখে। সকালে মাদ্রাসার ছাত্রের পিতার মোবাইলে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। পরে তাদের দেয়া বিকাশ নাম্বারে ১৮ হাজার টাকা প্রেরণ করেন মাদ্রাসা ছাত্রের পিতা। শনিবার সকালে স্থানীয়রা বুঝতে পেরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা ছাত্রকে কমিউনিটি সেন্টারের ভেতর আটকে রেখে এক অপহরণকারী পাহারা দেন। এ সময় অন্য অপহরণকারী বিকাশে পাঠানো মুক্তিপণ উত্তোলন করতে যান। পরে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে মুক্তিপণের টাকাসহ পুলিশের হাতে তুলে দেয়া হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, সেনেরহাট বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপণের টাকাসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনায় অপহৃত মাদ্রাসা ছাত্রের পিতা কক্সবাজার সদর থানায় ডায়েরি করেছেন। অপহরণকারীদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!