
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ আগস্ট ইউনিয়নের রাজঘাটা দরগা ভিটা এলাকা থেকে গাছগুলো কেটে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) ওই এলাকার মৃত মিয়া হোসেনের পুত্র ক্ষতিগ্রস্ত বেলাল উদ্দিন (৩৫) থানায় সাধারণ ডায়েরী করেছেন।
এতে স্থানীয় মৃত আব্দুর রশিদের পুত্র ওসমান গণি (৫৫), আবুল হোসেনের পুত্র জামাল উদ্দিন (৩২), নুরুচ্ছফা (৩০) ও জাগির হোসেনের পুত্র আবদুল মান্নানকে (৩১) অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, অভিযুক্তদের সাথে অভিযোগকারীর পৈত্রিক সম্পত্তি ও তার স্ত্রীর নামীয় বন্দোবস্তী বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে অভিযুক্তরা তার জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়। বাঁধা দিলে অভিযুক্তরা প্রাণ নাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকী দেয়। তাদের হুমকীতে অভিযোগকারী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে উল্লেখ করেন।

অভিযুক্ত আবদুল মান্নান বলেন, প্রায় ২ মাস পূর্বে জনৈক ওসমান গণি তার দখলীয় বাগান থেকে ২টি সেগুন গাছ এক কর্মকর্তাকে দিতে হবে জানায়। কিন্তু ঘটনারদিন তাদের বাগান গাছ কাটার ব্যাপারে তিনি বলেননি। এছাড়া তিনি তাদের বাগান থেকে ৯টি সেগুন কাছ কেটে নিয়ে যায়। পরে ওসমান গণির সাথে মুঠোফোনে যোগাযোগ করে ২টির পরিবর্তে ৯টি গাছ কাটার ব্যাপারে জানাতে চান। তখন ওসমান গণি তার সাথে বসে কথা বলবেন বলে জানায়। অপরদিকে, গাছ কাটার ব্যাপারে ওসমান গণির সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner