
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ব স্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পূর্ব কলাউজান এলাকার আহমদ কবিরের পুত্র মাহমুদুল হক এবং চরম্বা ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য নোয়ারবিলা এলাকার সিদ্দিক আহমদের পুত্র আব্দুস শুক্কুর প্রকাশ কেরাটি কালু।

পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস শুক্কুর প্রকাশ কেরাটি কালুকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তারা এজাহারভূক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তারা দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার (১১ আগস্ট) গ্রেপ্তার দুই ইউপি সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner