
নিউজ ডেক্স : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। তবে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দু’জনের মরদেহ সেখানে রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তিনি আরো বলেন, জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। জঙ্গিদের মরদেহগুলো ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে আছে। তাই সব তথ্য ফরেনসিক নিরীক্ষার পর জানা যাবে। তবে ঘটনাস্থলে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দুইজনের মরদেহ আছে বলে আমরা ধারণা করছি।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই টিনশেড বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপরে র্যাব অভিযানে নামলে জঙ্গিরা ভোর পাঁচটায় বাড়িটিতে বেশ বড় বিস্ফোরণ ঘটায়। এছাড়াও বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এরপরে সোয়া ৯টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢোকেন। এর পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়।
Lohagaranews24 Your Trusted News Partner