ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেক্স: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের ‘হাসান টাওয়ার-১’ ভবনে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারিমের মা রান্নাঘরে দুপুরের কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অগোচরে শিশু কারিম কোনো এক সময় ভবনের ছাদে চলে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

দীর্ঘক্ষণ কারিমকে না দেখে মা যখন তাকে খুঁজছিলেন, তখন ভবনের পাশে কারিমকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। কারিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

প্রবাসী বাবার ছোট ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো বিবিরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারিমের মায়ের আহাজারিতে হাসান টাওয়ারের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজনরা ওই ভবনের সামনে ভিড় করেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষে ওসি তদন্ত রফিকুল ইসলাম জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় বহুতল ভবনের ছাদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে রান্নার সময় বা ব্যস্ততার মাঝে শিশুদের চোখে চোখে রাখার বিষয়ে অভিভাবকদের আবারও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!