
নিউজ ডেক্স: সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে বার্মিজ আচার তৈরির দায়ে ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানা থেকে ২৪৯ কার্টন আচার এবং আচার তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক রিয়াদুল ইসলামকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর আচার তৈরির সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মালিক রিয়াদুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন ও মজুদ করে আসছিলেন। এসব আচার হুবহু বার্মিজ আচারের মতো প্যাকেজিং করে সাধারণ মানুষকে ঠকানো হতো। উৎপাদিত এসব নকল বার্মিজ আচার কক্সবাজার, চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হচ্ছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner