
এলনিউজ২৪ডটকম: চন্দনাইশে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৭ লাখ ২০ হাজার টাকার গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
আজ সোমবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হলে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ডালা খুলে ৩টি বড় পুটলায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, গাঁজাসহ দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner