
নিউজ ডেক্স : রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে নিহত হওয়া যুবকের শরীরে সুইসাইডাল ভেস্ট রয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) তুহিন মোহাম্মদ মাসুদ।
অধিনায়ক তুহিন মোহাম্মদ বলেন, নিহত যুবকের শরীরে বোমায় ভর্তি একটি সুইসাইডাল ভেস্ট রয়েছে। এটি তার শরীর থেকে পৃথক করার কাজ চলছে।

তিনি আরো বলেন, ব্যাগটিতে কী আছে তা এখনো আমরা বলতে পারছি না। তার শরীরে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় করার পর ব্যাগটি তদন্তের জন্য যাচাই-বাছাই করা হবে।
এদিকে ঘটনাস্থলের চারদিক ক্রাইম সিন ইউনিটের ফিতা দিয়ে কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিস্পোজাল ইউনিট কর্তৃক নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মোটরসাইকেল ও বিস্ফোরকসহ খিলগাঁওয়ের শেখের জায়গায় র্যাব-৩ এর চেকপোস্টে ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা চালান। পরে চেকপোস্টে থাকা র্যাব সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন।
গতকাল শুক্রবারই রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারী নিহত হন। মধ্যপ্রাচভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করলেও র্যাব তা অস্বীকার করে।
Lohagaranews24 Your Trusted News Partner