
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোডস্থ টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে নিশান প্লাজার ৫ম তলায় এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষক সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়ার ছালেহ আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, ভবনের বাসা ভাড়া নিয়ে তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। পাশ্ববর্তী আরেকটি বাসা মাদ্রাসা শিক্ষক হাসান স্বপরিবারে বসবাস করতেন। গত রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে শিক্ষক হাসানের সাথে মাদরাসার আর্থিক লেনদেন নিয়ে পরিচালনা কমিটির সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কমিটির লোকজন শিক্ষক ও তার স্ত্রীর মোবাইল ফোন নিয়ে বাসার বাইরে দরজা তালাবদ্ধ করে চলে যান। এছাড়া ওই শিক্ষকের দ্বিতীয় বিয়ের কথা প্রথম সংসারে জানাজানি হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তার প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। তারা গ্রামের বাড়িতে থাকেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার জানান, তার স্বামী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হিসাব-নিকাশের দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাতে মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা তার কাছে প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, টাকাগুলো খরচ হয়ে গেছে। এ সময় তিনি টাকা পরিশোধের জন্য কিছুদিন সময় চান। এ ঘটনার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা তাদেরকে বাসার ভেতর রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে তারা তালাবদ্ধ অবস্থায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে আরেকটি রুমে গিয়ে তার স্বামীকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন জানান, শিক্ষক শিব্বির আহমেদ হাসান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে এই সংক্রান্ত প্রমাণ রয়েছে। যা পুলিশকে দেয়া হয়েছে। প্রতি মাসের ১২ তারিখের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ফি আদায় করা হয়। আদায় করা ৭২ হাজার টাকা হিসাব তিনি দিতে পারছিলেন না। ওই টাকা দিয়ে তিনি অনলাইন জুয়া খেলেছেন। শুধুমাত্র টাকার হিসাব চাওয়া হয়েছে, তাকে কোনো ধরণের চাপ সৃষ্টি করা হয়নি।
এদিকে, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুরতহাল লিপিবদ্ধ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner