
নিউজ ডেক্স: মাত্র একশ টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যার ঘটনায় নগরের পাহাড়তলী থানার মামলায় ১৫ বছর পর বোরহান উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি ওমর ফারুককে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম মহানগরের পঞ্চম অতিরিক্ত দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় দেন। মো. বোরহান উদ্দিন (৩৫), মীরসরাই থানার চূত্তরুয়া আজিজ নগর তোফাজ্জল মৌলভীর বাড়ীর তোফাজ্জল আহমেদের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাউসার সাগর জানান, হত্যকর অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. বোরহান উদ্দিনকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নিহত নুরুল আফসার নগরের পাহাড়তলী থানাধীন আব্দুল বারেক সড়কের মহিউদ্দিন মার্কেটের একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। একই ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন তিনি।
সেখানে সাবলেট হিসেবে বসবাস করতেন বোরহান উদ্দিন ও ওমর ফারুক। ভাড়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সাবলেটধারীরা মাসিক ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করে ভাড়া দিতেন, যা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১ আগস্ট নুরুল আফসারকে হত্যা করা হয়। পরদিন তালাবদ্ধ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।