
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল কুষ্টিয়ার কুমারখালী থানার কোমরকান্দি বিশ্বাস পাড়ার আব্দুল সাত্তারের পুত্র মো. আশরাফুল ইসলাম (২৫) ও রাজশাহীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মমতাজ আলীর পুত্র মো. ফজলে রাব্বি (২১)।

পুলিশ জানায়, চট্টগ্রাম যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ফজলে রাব্বির কাছ থেকে পাওয়া যায় ২ হাজার পিস ইয়াবা। এছাড়া ম্যাজিক গাড়িতে তল্লাশী করে আশরাফুল ইসলামের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে কৌশলে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। রোববার (১৬ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner