
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টায় আমিরাবাদ স্কুল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।
গ্রেফতারকৃতের নাম মোরশেদুল আলম নিবিল (২৭)। তিনি সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার আবদুস ছালামের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার নিবিল বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সনের ১০ নভেম্বর রাতে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পীকে উপজেলার পুরাতন বিওসি এলাকায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
Lohagaranews24 Your Trusted News Partner