
নিউজ ডেক্স : লোহাগাড়া উপজেলার দু’মাদক ব্যবসায়ী কক্সবাজারের রামু উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ১৪ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন লোহাগাড়ার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়ার আবদুস শুক্কুরের পুত্র মোঃ নিজাম উদ্দিন (৩০) ও একই উপজেলার বড়হাতিয়া সেনেরহাট রুদ্র পাড়ার রাখাল রুদ্রের পুত্র রতন রুদ্র (৩১)।

র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান সাংবাদিকদের জানান, ইয়াবার একটি বড় চালান আসছে- এমন খবরে সকালে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় র্যাব। এ সময় তেলবাহী একটি ট্যাংক লরিকে থামতে বললে লরি থেকে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা নিস্তেজ হয়ে পড়ে। পরে নিজাম উদ্দিন ও রতন রুদ্রকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং লরি থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা।
রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner