
এলনিউজ২৪ডটকম: গোপালগঞ্জে জাতীয় নগারিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয় তারা। এতে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
এনসিপি লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন জানান, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না।
কর্মসূচিতে জহির উদ্দিনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাকিবুল হাসান, মোহাম্মদ এরশাদ, সাহেল, আমজাদ, মিনহাজ, তানবির, শফিক, এইচ আর শহীদ, নজরুল ও জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেন।
Lohagaranews24 Your Trusted News Partner