
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী এলাকায় একটি সাধারণ বাইসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে উপজেলা সদরের আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দেওয়ান পাড়ার মৃত আসহাব মিয়ার পুত্র প্রবাসী মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, গত ২ মে শিশু এহসান হাবিব তার ৪ বন্ধুর সাথে বাইসাইকেলযোগে লোহাগাড়া রেল স্টেশনে বেড়াতে যান। সেখানে থেকে ফেরার পথে বড়–য়া পাড়া এলাকায় বাইসাইকেল দুর্ঘটনায় শিশু এহসান হাবিব আহত হয়। ঘটনাটি ছিল একটি স্বাভাবিক দুর্ঘটনা এবং ঘটনার দিন পুলিশ আহত শিশুর সাথে থাকা অন্যান্য শিশুদের জিজ্ঞাসাবাদ করলে তারাও একই কথা জানায়।
তবে পূর্বের ব্যক্তিগত ও সামাজিক বিরোধের জেরে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে গত ৪ মে একই এলাকার শিশুর মা হাছিনা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রবাসীসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্তদের কেউই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। একটি সাধারণ দুর্ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষকে হয়রানির উদ্দেশ্যে মামলা দেয়া হয়েছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ব্যাপারে তিনি নিজেই সরেজমিনে তদন্ত করবেন। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner