নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৭০
in দেশ-বিদেশের সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ
June 2, 2026
8 Views

নিউজ ডেক্স: নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানার অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এর আগে সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মিছিলের একাধিক ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, নগরের মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বের করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলের ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল। মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। -বাংলানিউজ
2026-06-02