ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ত্রাণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুনর্বাসন, সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

ত্রাণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুনর্বাসন, সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

এলনিউজ২৪ডটকম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা। এজন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার সমন্বিত পরিকল্পনায় কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বন্যায় শুধু লোহাগাড়া নয়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় বসতঘর, সড়ক যোগাযোগ ব্যবস্থা, গবাদিপশু ও পোল্ট্রি খামারের পাশাপাশি কৃষি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকার ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করেছে।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে। পর্যাপ্ত ওষুধ, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, সদস্য নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!