
নিউজ ডেক্স : চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন (৪৮) বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার নয়াখালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন তমা গ্রুপের কক্সবাজারমুখী বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বিট কর্মকর্তা মোবারক হোসেন প্রাণ হারান। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া মহেশপুরের ভদ্রাপাড় এলাকায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন অফিসের কাজে সাতকানিয়া যান। সেখানে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আরাফাত জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Lohagaranews24 Your Trusted News Partner