
নিউজ ডেক্স: চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার রহমতাবাদ এলাকার হাফেজ আবু জাফরের (জাফর হাফেজ) দ্বিতীয় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক তাঁর মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। পরে তিনি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তিনি আসার আগেই মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner