
নিউজ ডেক্স : চট্টগ্রামে অস্ত্র মামলায় গ্রেফতার সমর কৃঞ্চ চৌধুরী (৬৩) অবশেষে জামিন পেয়েছেন। প্রবাসীর প্ররোচনায় অস্ত্র ও ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর অভিযোগ ওঠেছিল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ তার জামিনের আদেশ দেন।
সমর চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, অস্ত্র উদ্ধারের মামলায় আদালত সমর কৃষ্ণ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ২৪ জুন একই আদালত অস্ত্র উদ্ধারের মামলায় তার জামিন নামঞ্জুর করেছিলেন। তবে ইয়াবা উদ্ধারের মামলায় তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৭ মে ষাটোর্ধ্ব সমরকে তুলে নিয়ে বোয়ালখালী থানা পুলিশ ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনার ঝড় তোলে।
পরে সমর চৌধুরীর মেয়েরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তার কাকা স্বপন দাশের। স্বপনকে সহযোগিতা করায় সমরের ওপর ক্ষিপ্ত হন সঞ্জয়। সঞ্জয় দাশের প্ররোচনায় এক ডিআইজির প্রভাবে গ্রেফতার করা হয় তাদের বাবাকে।
Lohagaranews24 Your Trusted News Partner