
এলনিউজ২৪ডটকম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সমৃদ্ধ হতে হবে। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। অধ্যাবসায়, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে। প্রভুত্ব করার জন্য আমাদের নিয়োগ দেওয়া হয়নি, সেবা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জীবনে আমরা যা কিছু করব, তা মহান আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করা উচিত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চুনতি সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম। কলেজের সহকারী অধ্যাপক জাকেরুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শরীফা আক্তার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডর উচ্চমান সহকারী আজিজুল হক, শিক্ষার্থী সামিয়া সোলতানা রেমি, জান্নাতুল নাঈম ও নিশাত আবছার প্রমুখ।

মতবিনিময় সভার আগে গোপনে কলেজের ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। পরে তার বক্তব্যে ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরনের এবং কলেজ অধ্যক্ষকে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন। মতবিনিময় সভা শেষে কলেজের নবীন ছাত্রীদের বরণ করা হয়। এছাড়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও বৃক্ষবিতরণ করেন প্রধান অতিথি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner