
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ তৌহিদ নিহত হন।
অপর আরোহী মাহি উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner