ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আবদুস সামাদ আজাদ

লোহাগাড়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আবদুস সামাদ আজাদ

আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ, মতবিনিময় ও জনসংযোগ। এরই মধ্যে ৬ নম্বর লোহাগাড়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ আবদুস সামাদ আজাদকে ঘিরে স্থানীয়দের একাংশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

আবদুস সামাদ আজাদ লোহাগাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ার মরহুম মুহাম্মদ খুলুমিয়ার ছেলে। স্নাতক সম্পন্ন করা আবদুস সামাদ আজাদ দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি মজিদার পাড়া সমাজ উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক, কর্ণফুলী টাওয়ার-চট্টগ্রামের সভাপতি এবং লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লোহাগাড়া ফোর এইচ ক্লাব ও একুশে পরিবার লোহাগাড়ার সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

প্রবাসে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। নিরাপদ সড়ক চাই আন্দোলন সৌদি আরব শাখা, মদিনা প্রবাসী ফোরাম, মদিনা বাংলাভিশন দর্শক ফোরাম, সিপ্লাস টিভি দর্শক ফোরামসহ বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। চুনতি সিরাতুন্নবী (সা.) মাহফিল পরিচালনা কমিটি, মদিনা শাখার সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়া বিজনেস ফোরামের আহ্বায়ক এবং বিভিন্ন প্রবাসী ও সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রবাসী কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি নিজ এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে তিনি এলাকায় পরিচিতি পেয়েছেন বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।

ইউনিয়নের কয়েকজন সচেতন নাগরিক জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকবেন এবং নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। তাদের মধ্যে কেউ কেউ আবদুস সামাদ আজাদকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।

অন্যদিকে, স্থানীয়দের একটি অংশ মনে করেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লোহাগাড়া সদর ইউনিয়নের নেতৃত্বে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি নাগরিক সেবা, ব্যবসায়ী সমাজ ও অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সমন্বয় করতে পারবেন।

এ বিষয়ে আবদুস সামাদ আজাদ বলেন, “সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার জনগণ যদি আমার ওপর আস্থা রাখেন এবং দায়িত্ব অর্পণ করেন, তাহলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

তবে নির্বাচনে প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হওয়া এবং ভোটারদের সমর্থন পাওয়ার বিষয়টি সময়ের সঙ্গে স্পষ্ট হবে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের তফসিল, দলীয় সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও ভোটারদের চূড়ান্ত অবস্থানই লোহাগাড়া সদর ইউনিয়নের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!