
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৫ জুন) দিনগত রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের হাসান রওফী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জহিরুল ইসলাম (৪৪) একই এলাকার মৃত সামশুল ইসলামের পুত্র ও একটি ইন্সুরেন্স কোম্পানীর লোহাগাড়া উপজেলা শাখার ইনচার্জ।

ক্ষতিগ্রস্তের ভাই জসিম উদ্দিন রানা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সবাই বসতঘর তালাবদ্ধ করে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকায় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরদিন রাতে ভাগিনা দোকান থেকে এসে দেখতে পান বসতঘরের মূল গেটের তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখতে পান প্রতিটি কক্ষের ভেতর সব মালামাল এলোমেলো অবস্থায়। চোরেরা বসতঘরে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা ও ৩টি প্লাস্টিকের ব্যাংকের ভেতর থাকা টাকা লুট করে নিয়ে গেছে।
লোহাগাড়া থানার এএসআই সুমন মিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner