
নিউজ ডেক্স: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক শ্যালিকার মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে এবং আহত দুলাভাইয়ের নাম আব্দুল মমিন। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা ও পুলিশের কনস্টেবল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে বাড়ি এসে শ্বশুর বাড়ি বেড়াতে যান আব্দুল মমিন। সেখান থেকে রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। তারা জামতলা মাদরাসা এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শ্যালিকা তানিয়া মারা যান। স্থানীয় লোকজন আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।