
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাসের সিংহভাগ যাত্রীই কম-বেশী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর পুত্র বিজিবি সদস্য নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নাঈমুল ইসলাম ও ভোলা জেলার মনির আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কক্সবাজারমুখি বাসে থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় উভয় বাসের প্রায় অর্ধশত জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। চট্টগ্রামমুখি বাসের ধাক্কায় গাছের পাশে থাকা একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে মুচড়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে সড়ক দূর্ঘটনায় হতাহত ৮ জনকে আনা হয়েছে। এরমধ্যে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরো ৩ জন চিকিৎসাধীন অবস্থায় হাসাতালে মারা গেছেন। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া উপজেলার সদরে ২টি বেসরকারি হাসপাতালে আহত ৮ জনকে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসফিক আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ২টি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner