আরও বড় পরিসরে কাজ করতে চাই: ব্যারিস্টার সাকিলা
in দেশ-বিদেশের সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ
April 20, 2026
19 Views

নিউজ ডেক্স: সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের তালিকায় মোট ৩৬ জনের মধ্যে তিনিই একমাত্র চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন।
হাটহাজারী উপজেলার মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানার শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা গ্রামে। স্বামী বাহাউদ্দীন পটিয়ার পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান।
সাকিলার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।সাকিলা ফারজানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আবার এলএলবি ডিগ্রি অর্জন করেন। লন্ডনের দ্য সিটি ল’ কলেজ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।
২০০৯ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি রাজনীতিতে সক্রিয় হন ।
২০১৫ সালের ১৮ আগস্ট রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাভোগও করেন। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।দলীয় নেতাদের মতে, উচ্চ আদালতে রাজনৈতিক মামলাগুলো পরিচালনার মাধ্যমে দলের হাইকমান্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্পৃক্ততা মনোনয়ন লাভে সহায়ক হয়েছে।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, ‘দল আমাকে মনোনীত করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। তাঁর এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। এছাড়াও যেসব সম্মানিত ব্যক্তিত্ব বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন এ অবস্থানে পৌঁছাতে, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা’।
তিনি বলেন, আমার মরহুম বাবা, মা এবং আমার একমাত্র ছোট বোনের অফুরন্ত দোয়ায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার প্রিয় মানুষেরা, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাকে আজকের এই বহু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে রইলো অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় হাটহাজারীবাসীকে। দেশের মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই’।
2026-04-20