
নিউজ ডেক্স : বাড়ির পেছনের পুকুরপাড়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে ভাই ও বোনের করুণ মৃত্যু হয়েছে আনোয়ারা উপজেলায়। সোমবার (১ মার্চ) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করলে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ নম্বর হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের আট বছরের মেয়ে রিতু আকতার ও দুই বছরের ছেলে হামদান। বাড়ির পেছনের পুকুরের পাড়ে খেলায় মেতেছিল তারা। খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় ছোটভাই হামদান। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে যায় রিতু আকতারও। অনেক খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে ছেলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে পাওয়া যায় মেয়ের মরদেহ।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বিকেল ৫টার দিকে হাইলধর ইউনিয়ন থেকে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে আনা হলে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টায় জানাজা শেষে দাফন করা হয় ভাই বোনের মরদেহ। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner