
নিউজ ডেক্স : সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্টের বহুতল পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গিয়ে গাড়িসহ নিচে পড়ে গিয়ে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ আরিফ রাজ আজাদ (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের ওয়াদ্দার পাড়ার মৃত মোহাম্মদ মিঞার পুত্র। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

জানা যায়, গত প্রায় ১২ বছর ধরে তিনি তার স্ত্রী ও ছোট পুত্র সন্তানসহ আমিরাতের দুবাইতে অবস্থান করে আসছিলেন। ঘটনারদিন দুবাই বিমানবন্দরের তৃতীয় তলায় পার্কিংয়ে গাড়ি পার্ক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র কয়েকদিন আগে তার স্ত্রী ও ছোট পুত্র দেশে এসেছেন। তার মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, তিনি বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্র ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner