
নিউজ ডেক্স : চট্টগ্রাম জেলার রাউজানে পিকনিক বাসের ধাক্কায় রেশমা আকতার (১৮) নামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ২১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রেশমা আকতার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা মো. মনির হোসেনের মেয়ে। ২ বোন ও ৩ ভাইয়ের মধ্যে রেশমা আকতার সবার বড়।

রাউজান থানার এসআই মো. আরাফাত বলেন, বাউবির ছাত্রী রেশমা আকতার মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশন কোর্সের ক্লাস করার জন্য রাউজান উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এসময় ইয়াসিন নগর থেকে আসা একটি শিক্ষা সফরের বাস রেশমা আকতারকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা গহিরার জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. আরাফাত আরো বলেন, ঘটনায় ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner