
নিউজ ডেক্স : মিয়ানমারের রাখাইন থেকে গুলি আর বোমার জখম নিয়ে বাংলাদেশে প্রবেশের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো পাঁচ রোহিঙ্গা। সীমান্ত দিয়ে পালিয়ে আসা এ রোহিঙ্গারা রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
আহতদের মধ্যে মো. ইউনুস (২০), মো. আলম (২০), বশির উল্লাহ (৬৫) ও খালেদ হোসেন (২৫) গুলিবিদ্ধ; আর হোসাইন জোহা (২২) এসেছেন বোমার ক্ষত নিয়ে। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে এএসআই আলাউদ্দিন জানান।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে দমন অভিযান শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা প্রতিদিনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। গত ১১ দিনে মোট ৪৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গত ২৬ আগস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।
Lohagaranews24 Your Trusted News Partner