Home | দেশ-বিদেশের সংবাদ | সড়ক দুর্ঘটনায় গেল স্ত্রী-সন্তানের প্রাণ, চুরি হলো ব্যাগ

সড়ক দুর্ঘটনায় গেল স্ত্রী-সন্তানের প্রাণ, চুরি হলো ব্যাগ

নিউজ ডেক্স: ছুটির দিনে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন জাকারিয়া নয়ন। মুহূর্তেই তাদের আনন্দ রূপ নেয় বিষাদে। দুর্ঘটনায় নিভে গেছে দুটি প্রাণ। উদ্ধার করতে আসা মানুষের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেছে স্ত্রীর ব্যাগ।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁর ২২ মাস বয়সী কন্যাশিশুর নাম ইয়াশা।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, তারিন আক্তার স্বামী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ভাটিয়ারীতে বেড়াতে এসেছিলেন।

তাঁর স্বামী মোটরসাইকেল চালাচ্ছিলেন। শিশুসন্তানকে মাঝখানে বসিয়েছিলেন। রাতে চট্টগ্রাম শহরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, হঠাৎ শিশুটি মোটরসাইকেল থেকে পড়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্ত্রী-সন্তানকে হারিয়ে তারিনের স্বামী জাকারিয়া নয়ন যখন দিশেহারা, তখন ঘটনাস্থলে সাহায্যের জন্য আসা কেউ তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ব্যাগে মোবাইল, টাকা, স্বর্ণালংকার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিলো বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!