
নিউজ ডেক্স : হাই কোর্টের দেওয়া বদলির আদেশ স্থগিত চেয়ে চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসির করা আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
পুলিশ হেফাজতে থাকা ফৌজদারী মামলার এক আসামিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়ার ঘটনায় লোহাগাড়ার ওসি শাহজানকে অন্যত্র বদলি করতে গত সোমবার (২৯ জানুয়ারি) নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

সে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে গেলে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনটির ওপর শুনানির তারিখ নির্ধারণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
আবেদনের পক্ষে শুনানি করেন এ এম আমিনুদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
পরে মনজিল মোরসেদ বলেন, গত সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অন্যত্র বদলি করতে নির্দেশ দিয়েছিল।
আর একই ঘটনায় ভবিষ্যতে সতর্ক থাকার অঙ্গীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, লোহাগাড়া থানার এসআই হেলাল খান ও এএসআই ওয়াসিম মিয়াকে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়।
আইনজীবী মনজিল বলেন, হাই কোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিলেন ওসি শাহজান। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Lohagaranews24 Your Trusted News Partner