
(ফাইল ছবি)
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ৬ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ আদেশ দেন।
জরিমানার আদেশপ্রাপ্ত ইটভাটাগুলো হল মেসার্স খাজা ব্রিকস, মেসার্স বার আউলিয়া ব্রিকস, মেসার্স আকতারিয়া ব্রিকস, মেসার্স এ এইচ ব্রিকস, মেসার্স মজিদিয়া ব্রিকস ও মেসার্স আরব ব্রিকস। প্রত্যেক ইটভাটাকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কারিগরি) মুক্তাদির হাসান গণমাধ্যমকে বলেন, ছাড়পত্র না নিয়ে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করে পরিবেশ দূষণ করে যাচ্ছিলো ইটভাটাগুলো। প্রত্যেকটি ইটভাটা স্কুলের পার্শ্ববর্তী এলাকায়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্কুলের পাশে ইটভাটা থাকতে পারবে না এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইট প্রস্তুত করতে হবে। সনাতন পদ্ধতিতে গাছ পুড়িয়ে ইট প্রস্তুত করায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইট প্রস্তুত না করলে ইটভাটাগুলো ভেঙে দেয়া হবে বলেও মালিকদের নির্দেশনা দেয়া হয়।
লোহাগাড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
Lohagaranews24 Your Trusted News Partner