
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা পরিস্থিতিকে পুঁজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশী নেয়ায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন ও পদুয়া তেওয়ারীহাটে অভিযান চালিয়ে ৫ দোকানীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

চালের দাম বেশী নেয়ায় বটতলী কাঁচাবাজারে নাজিম উদ্দিন মেম্বারের মালিকানাধীন মেসার্স মিজান ষ্টোরকে ২০ হাজার টাকা, আলুরঘাট রোডে তানজিম উদ্দিনের মালিকানাধীন মদিনা ষ্টোরকে ৫ হাজার টাকা, মো. হারুনের মালিকানাধীন ইসলাম ট্রেডিংকে ১০ হাজার টাকা, দরবেশহাট রোডে নুরুল ইসলামের মালিকানাধীন আর.এস ষ্টোরকে ৩০ হাজার টাকা ও পদুয়া তেওয়ারীহাটে নীল মনির মালিকানাধীন মনি রাইচ এজেন্সীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি মুদি দোকানদারকে সতর্ক করে দেয়া হয়েছে।
ইউএনও জানান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি নেয়ার বেশ কিছু অভিযোগ আসে উপজেলা প্রশাসনের কাছে। তারই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশে জাতীয় দুর্যোগের মত পরিস্থিতিতে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লুটতে না পারে সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন।
Lohagaranews24 Your Trusted News Partner