
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ফার্নিচার পরিবহণের গাড়ি থেকে টাকা বাদীর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ ডিসেম্বর) থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করেছেন মো. মফিজুর রহমান (৩৩) নামে এক ব্যক্তি। তিনি সাতকানিয়া উপজেলার করইয়া নগর ২নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অভিযুক্তদের সাথে ফার্নিচার পরিবহণের গাড়ি ভাড়া নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর রাতে ফার্নিচারের ভাড়ার জন্য গাড়ি নিয়ে আধুনগর বাজারে আসলে অভিযুক্তরা অভিযোগকারীকে ধরে একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল-ঘুষি-লাথি মেরে পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে ফেলে। ওই সময় অভিযুক্তরা দেশীয় তৈরি একটি বন্দুক অভিযোগকারীর হাতে দিয়ে ছবি তুলে টাকা দাবী করে। বিষয়টি কাউকে জানালে অস্ত্র ও গাড়িতে ইয়াবা দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবে বলে জানায়। এছাড়া ফার্নিচারের ভাড়া মারলে প্রতি গাড়িতে প্রতিবার এক হাজার টাকা করে দিতে হবে বলে হুমকী-ধমকী দেয় অভিযুক্তরা।
অভিযুক্তরা হলেন স্থানীয় মোরশেদুল হাসান (৩৫) ও শহিদুল্লাহ কায়ছার (৪০)। অভিযুক্তদের মুঠোফোনে না পাওয়ায় এ ব্যাপারে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই আবদুল হালিম জানান, এ ব্যাপারে সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner