
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আল ওয়াজেদ রাফি (১০) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার জিয়াউল হকের ছেলে ও হাজির পাড়া হামিদিয়া এবতেদায়ী মাদ্রাসার ছাত্র।
প্রতিবেশী সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরী জানান, ঘটনারদিন বাড়ি সন্নিহিত পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল শিশুর পিতা ও দাদা। তাদের সাথে শিশুটিও পুকুরে নামে। শিশুর পিতা ও দাদা মাছ ধরা নিয়ে ব্যস্ত ছিল। এতে খেলাচ্ছলে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশু রাফিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তবে শিশুটি সাঁতার জানতো না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় শিশুটির স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Lohagaranews24 Your Trusted News Partner