
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়া জামে মসজিদের পাশে হাকিম জানির ভাঙ্গা নামক ডোবা থেকে আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের আনুমানিক বয়স ৪৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
তিনি জানান, কিছুদিন যাবত একটি মানসিক ভারসাম্যহীন লোক এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। আজ সকালে এলাকার ছেলে-মেয়েরা ডোবা থেকে বরশী দিয়ে মাছ ধরার সময় লাশটি দেখতে পান। পরে বিষয়টি তারা এলাকার মুরব্বিদের জানান।

তিনি আরো জানান, সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ওই লোকটিকে এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ওইদিন হাকিম জানির ভাঙ্গা নামক ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। ডোবার পাড়ে একটি লুঙ্গিও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পচন ধরেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার লিটন চন্দ্র সিংহ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
Lohagaranews24 Your Trusted News Partner